
উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল (হি. স.): সন্দেশখালিতে আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত সেহারা এলাকায় মঙ্গলবার দুপুরের পর হঠাৎই আবহাওয়ার পরিবর্তন ঘটে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরই হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল শিলাবৃষ্টি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড় আকারের শিলার আঘাতে বহু বাড়ির টিনের চাল ভেঙে যায় এবং কাঁচের জানালাও ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধান–সহ বিভিন্ন সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেতেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় চাষিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।গ্রামবাসীরা জানান, এমন শিলাবৃষ্টি বহুদিন দেখা যায়নি। আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশ করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়