
মালদা, ৭ এপ্রিল (হি. স.):- মঙ্গলবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিউর রহমান-এর বিরুদ্ধে। অভিযোগ, মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য বারিকুল ইসলাম ওরফে বুলবুল খানের সঙ্গে সাইকেল নিয়ে গ্রামীণ মেঠো পথে প্রচার চালান তিনি। সেই প্রচারের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল ব্যবহার করে ভোট প্রচার করা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এই ঘটনায় তারা জেলার নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। এছাড়াও অভিযোগ উঠেছে, হরিশ্চন্দ্রপুর ও চাঁচলে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি-র রোড শো–তে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে, যা নির্বাচনী বিধি অনুযায়ী অনুমোদিত নয়।সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে বলে জানিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়