
কলকাতা, ৭ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার তিনি দাবি করেন, “তৃণমূল এখন জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে এবং তাদের বিদায় অবশ্যম্ভাবী।”মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, এবারের নির্বাচন মূলত “জনতা বনাম মমতা”। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে দুর্নীতি ও স্বজনপোষণের রাজনীতি চালিয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।তিনি আরও বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিজেপি। শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে ধরে তিনি দাবি করেন, এই নির্বাচনে তৃণমূলের পতন নিশ্চিত।শমীক ভট্টাচার্য জানান, বিজেপি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন স্তরে সংগঠন আরও মজবুত হয়েছে। তাঁর কথায়, ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে যাবে যে রাজ্যের মানুষ কাকে বেছে নিতে চাইছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়