
হাথরাস, ৭ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের হাথরাস জেলার জালেসার এলাকায় একটি নালা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ আধিকারিক অমিত পাঠক জানান, ঘটনাস্থল থেকেই একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। যুবকের হাতে একটি ঘড়িও ছিল। মৃতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তি আশপাশের কোনও এলাকার বাসিন্দা হতে পারেন।
মৃতের পরিচয় জানার জন্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরেও মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস