
হুগলি, ৭ এপ্রিল (হি.স.) : শ্রীরামপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন একাধিক বিজেপি প্রার্থী। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সকলেই। এদিন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, জাঙ্গিপাড়ার প্রসেনজিৎ বাগ, চণ্ডীতলার দেবাশিস মুখোপাধ্যায়, উত্তরপাড়ার দীপাঞ্জন চক্রবর্তী এবং চাঁপদানির দিলীপ সিং একসঙ্গে মনোনয়ন জমা দেন। সমর্থকদের নিয়ে মিছিল করে এসডিও অফিসে পৌঁছন প্রার্থীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ রাজ্যের কৃষকদের পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি জানান, কৃষকদের স্বার্থে প্রতিবাদের বার্তা দিতেই ট্র্যাক্টরে চেপে মনোনয়ন জমা দিতে এসেছেন।
অন্যদিকে, দেবাশিস মুখোপাধ্যায় দাবি করেন, আসন্ন নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক চিত্র বদলে যাবে। একই সুরে উত্তরপাড়ার প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীও রাজ্যে বিজেপি সরকার গঠনের ব্যাপারে আশাবাদী বলে জানান।
সব মিলিয়ে, মনোনয়ন ঘিরে বিজেপি শিবিরে জয়ের আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA