টিটিএএডিসি নির্বাচন : মাছমরায় কংগ্রেসের সভা, বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ সুদীপ রায় বর্মনের
কুমারঘাট (ত্রিপুরা), ৭ এপ্রিল (হি.স.) : ১২ এপ্রিল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে ঘিরে শাসক ও বিরোধী দলগুলির প্রচার তুঙ্গে। বিভিন্ন প্রান্তে সভা, মিছিল ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ
বিধায়ক সুদীপ রায় বর্মন


কুমারঘাট (ত্রিপুরা), ৭ এপ্রিল (হি.স.) : ১২ এপ্রিল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে ঘিরে শাসক ও বিরোধী দলগুলির প্রচার তুঙ্গে। বিভিন্ন প্রান্তে সভা, মিছিল ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি।

ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত মাছমারা আসনেও নির্বাচনী লড়াই ঘিরে চরম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন রায়। তাঁকে সমর্থনে মঙ্গলবার মাছমারা বাজারে আয়োজিত হয় নির্বাচনী জনসভা, যেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন শাসকদল বিজেপি-র বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি-র শাসনামলে সাধারণ মানুষের জীবিকা ও ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে উঠছে। দেশের অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, কেন্দ্রের মোদী সরকার দেশের সম্পদ কর্পোরেট সংস্থাগুলির হাতে তুলে দিচ্ছে, যা ভবিষ্যতে দেশের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতে বিজেপি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। হিন্দুত্বের নামে বিভাজনের রাজনীতি চলছে বলেও তিনি দাবি করেন। সুদীপ রায় বর্মন বলেন, “জয় শ্রীরাম” বা “ভারত মাতা কি জয়” স্লোগান তুলে সাধারণ মানুষের উপর আক্রমণ এবং জনসম্পত্তি নষ্ট করার ঘটনাকে তিনি কড়া ভাষায় নিন্দা জানান এবং প্রশ্ন তোলেন—“এরা কোন হিন্দু?”

এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তরুণ সাহা, সম্পাদক সত্যবান দাস, ঊনকোটি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলকুমারী গোস্বামী, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেবসহ অন্যান্য নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande