নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু, সমস্তিপুরে তিন ভাইয়ের প্রাণহানি
পাটনা, ৭ এপ্রিল (হি.স.) : বিহারের সমস্তিপুর জেলার শিবাজিনগর থানা এলাকার বোরজ গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকার বারিয়াহি ঘাটে কারেহ নদীতে স্নান করতে নেমে আদিত্য (১৭)
নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু, সমস্তিপুরে তিন ভাইয়ের প্রাণহানি


পাটনা, ৭ এপ্রিল (হি.স.) : বিহারের সমস্তিপুর জেলার শিবাজিনগর থানা এলাকার বোরজ গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকার বারিয়াহি ঘাটে কারেহ নদীতে স্নান করতে নেমে আদিত্য (১৭), হর্ষিত (১৫) ও কার্তিক (১৩) নামে তিন ভাই ডুবে যায়। তিনজনই বোরজ গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে ঘাটে স্নান করার সময় এক ভাই গভীর জলে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুই ভাইও জলে ঝাঁপ দেয়। কিন্তু নদীর গভীরতা ও স্রোতের টানে তিনজনই তলিয়ে যায়।

চোখের সামনে ছেলেদের ডুবে যেতে দেখে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন বাবা। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে স্থানীয় ডুবুরিদের সাহায্যে দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দীর্ঘ তল্লাশির পর প্রায় চার ঘণ্টা পরে উদ্ধার হয় ছোট ছেলে কার্তিকের দেহ।

জানা গিয়েছে, পরিবারের সদস্যরা প্রতি বছরের মতো এবারও রাম নবমী উপলক্ষে গ্রামে এসেছিলেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande