
মাথাভাঙা, ৮ এপ্রিল (হি. স.) : বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হল। মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নলঙ্গিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আলি মিয়াঁ (৩৫)। তিনি বাংলাদেশের রংপুর জেলার পাটগ্রাম থানার ধবলগুড়ির বাসিন্দা।
বুধবার সীমান্ত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ পূর্ব নলঙ্গিবাড়ির সাতগ্রাম সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল একদল দুষ্কৃতী। বিষয়টি বিএসএফ জওয়ানদের নজরে আসতেই তাঁরা বাধা দেন। অভিযোগ, সেই সময় পাচারকারীরা জওয়ানদের ওপর চড়াও হলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। গুলিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি গরুও উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ভোরেই মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে আসে। বুধবার মাথাভাঙা মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহটি বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশ বা পাচারের চেষ্টা নতুন ঘটনা নয়। এর আগেও বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে, তবুও পাচার বন্ধ হয়নি। তবে ভোটের এই উত্তপ্ত আবহে সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু এবং চাঞ্চল্যকর পাচারের চেষ্টার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি