
গোন্ডা, ৮ এপ্রিল ( হি. স.): উত্তর প্রদেশের গোন্ডায় পুলিশের হাতে গ্রেফতার দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গোন্ডার নবাবগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি অবৈধ পিস্তল, একটি গাড়ি এবং নগদ ১ লক্ষ ২৭ হাজার টাকা। ধৃতের নাম দাদ্দান ও ফারুক। দুজনেই অযোধ্যার রৌনাহি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেশ কিছুদিন আগে পুলিশ এই গরু পাচার চক্রের ব্যাপারে জানতে পারে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ গোটা এলাকায় টহল দেয়। সেইসময় দুই ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয় । পুলিশকে দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে ওই দুই দুষ্কৃতী। পুলিশও পাল্টা গুলি চালায় । পুলিশের গুলিতে জখম হয় দাদ্দান। চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অন্য অভিযুক্ত ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক