
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গে এনআরসি প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে ‘এনআরসি বিরোধী এক উদ্যোগ’-এর পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সংগঠনের অভিযোগ, এনআরসি-র জেরে রাজ্যের লক্ষ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। গত ৭ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের দাবি, প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকায় নেই, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে।
প্রকাশিত বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে যে, এই প্রক্রিয়ায় সংখ্যালঘু, নারী, দলিত ও প্রান্তিক স্তরের মানুষরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে তথ্য যাচাই প্রক্রিয়া চললেও প্রযুক্তিগত সমস্যার কারণে চূড়ান্ত তালিকা প্রকাশে দীর্ঘ বিলম্ব হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন।
এনআরসি বিরোধী আন্দোলনের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে সংগঠনটি গ্রেফতার হওয়া কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। এর পাশাপাশি, এনআরসি প্রক্রিয়া বাতিল করা, বাদ পড়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতেও তারা সরব হয়েছে। সংগঠনের মতে, এই বিপুল সংখ্যক ভোটারকে তালিকার বাইরে রেখে আসন্ন বিধানসভা নির্বাচন পরিচালনা করা “নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ”।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত