
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : ভোটের
আবহে অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটি। বুধবার দুপুরে নির্বাচনী প্রচারে
বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, যিনি 'অভয়ার মা' হিসেবেও
পরিচিত। এদিন পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরোতেই একদল স্থানীয় মহিলার বাধার
মুখে পড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই
পরিকল্পিতভাবে এই বিক্ষোভ দেখিয়েছে। তাঁর দাবি, তাঁকে ঘিরে ধরে দুর্ব্যবহার করা হয় এবং মারধরের চেষ্টাও চলে। এই
গোলমালে তাঁদের দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও তিনি অভিযোগ করেছেন। এই
প্রসঙ্গে রত্না দেবনাথ বলেন, “ভোটের
সময় এ ধরনের হামলা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূল ভয় পেয়েই এই
আক্রমণ চালাচ্ছে।” এর পাশাপাশি রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে তাঁর লড়াই জারি
রাখার বার্তাও দেন তিনি।
অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের দাবি, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে এলাকায় প্রচার করছিলেন এবং সরকারি
প্রকল্পগুলি বন্ধ হয়ে যেতে পারে বলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিলেন। তাঁর
পাল্টা অভিযোগ, সেই
কারণেই স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে শামিল হয়েছেন।
তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনাস্থলে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’
স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই এদিন উত্তেজনার পারদ চড়ে। পরিস্থিতি সামাল দিতে
পরবর্তীকালে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। নির্বাচনের মুখে এই ঘটনা পানিহাটির
রাজনৈতিক চাপানউতোরকে নতুন করে উসকে দিল। অভিযোগ-পাল্টা অভিযোগের এই লড়াই শেষ
পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন
সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত