
মির্জাপুর, ৮ এপ্রিল ( হি. স.) : উত্তরপ্রদেশের মির্জাপুরে চুনার কোতোয়ালি এলাকার বহরামগঞ্জ কোলহুয়া ঘাটে মঙ্গলবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিবেশীর একটি নির্মীয়মাণ দোতলা বাড়ির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার এবং তাঁর স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ। তীব্র ঝোড়ো হাওয়ার দাপটে নির্মীয়মাণ ওই দেওয়ালটি হঠাৎ ভেঙে পাশের বাড়ির ওপর পড়ে। সেই সময় ঘরে থাকা বৃদ্ধ দম্পতি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর ধ্বংসস্তূপ সরিয়ে দুজনকে উদ্ধার করেন।
আহতদের দ্রুত চুনার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৬০ বছর বয়সী রাধা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী নন্দলাল বিন্দের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বারাণসী ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, ওই দম্পতি মূলত কাটরা কোতোয়ালি এলাকার বাসিন্দা হলেও গত দু-বছর ধরে চুনারের এই নতুন বাড়িতে বসবাস করছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চুনার থানার ভারপ্রাপ্ত পরিদর্শক বিজয় শঙ্কর সিং জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত বৃদ্ধের চিকিৎসা চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি