
শান্তিরবাজার (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় পথদুর্ঘটনায় জনৈকা বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গার্ধাং গেংবাজার এলাকায়।
ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার গার্ধাং গেংবাজার সংলগ্ন রাস্তায় অজ্ঞাতপরিচয় একটি দ্রুতগতির মোটরবাইক ছয়ঘড়িয়ার বাসিন্দা পিয়ারী ত্রিপুরা (৬২) নামের বৃদ্ধাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধাক্কার জোর এতটাই প্রবল ছিল যে, বৃদ্ধা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।
স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ ও দমকল বিভাগকে খবর দিলে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর থেকেই পলাতক বাইক চালককে চিহ্নিত ও গ্রেফতারের জন্য তৎপর হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ