
মুম্বই, ১ মে (হি.স.): মুম্বই ও সংলগ্ন এলাকায় বড়সড় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ‘অপারেশন হোয়াইট স্ট্রাইক’-এর আওতায় প্রায় ৩৪৯ কিলোগ্রাম উচ্চমানের কোকেন উদ্ধার করা হয়েছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৭৪৫ কোটি টাকা।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ছয় মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের পর এই অভিযান চালানো হয়। নবি মুম্বইয়ের কালম্বোলি ও ঠাণের ভিওয়ান্ডি লজিস্টিকস করিডরে একাধিক স্থানে তল্লাশি চালিয়ে এই চক্রের হদিস মেলে।
প্রথম পর্যায়ে কালম্বোলির একটি গুদাম সংলগ্ন এলাকা থেকে একটি গাড়ি আটক করে এনসিবি। তল্লাশিতে উদ্ধার হয় ১৩৬ কেজি কোকেন, যা ক্রিকেট প্যাড ও গ্লাভসের ভিতরে লুকিয়ে রাখা ছিল। ঘটনাস্থল থেকেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এরপর জেরার ভিত্তিতে ভিওয়ান্ডির একটি গুদামে হানা দিয়ে আরও ২১৩ কেজি কোকেন উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, আমদানিকৃত যন্ত্রপাতির গোপন খোপে মাদক লুকিয়ে ভারতে আনা হত এবং পরে গুদামে মজুত করা হতো।
এই সাফল্যের জন্য এনসিবিকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মাদকবিরোধী লড়াইয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল এবং বড় মাদকচক্র ভেঙে দিতে বদ্ধপরিকর।
এনসিবি সূত্রে খবর, দেশে বছরে সাধারণত ২০০-৩০০ কেজি কোকেন উদ্ধার হয়। সেই তুলনায় এই বিপুল পরিমাণ উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে এই চক্রের মূল হোতা, অর্থ জোগানদাতা ও অন্যান্য জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য