
নয়াদিল্লি, ১ মে (হি.স.): দেশ ও বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি)-এর প্রকোপ। বর্তমানে প্রতি ৩১ জন শিশুর মধ্যে ১ জন এই সমস্যায় আক্রান্ত—যেখানে আগে এই অনুপাত ছিল ৮৯ জনে ১ জন। ভারতে নির্দিষ্ট জাতীয় তথ্য সীমিত হলেও বিশেষজ্ঞদের মতে, এখানেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শুক্রবার সংস্থার শিশু বিভাগ-এর অধ্যাপক শেফালী গুলাটি জানান, অটিজম কেবল পরিসংখ্যান নয়, এটি লক্ষ লক্ষ পরিবারের বাস্তবতা। পরিবর্তিত জীবনযাপন, বাড়তে থাকা দূষণ ও সামাজিক পরিবর্তন এই সমস্যাকে আরও জটিল করে তুলছে।
গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশেরও বেশি শিশুর ক্ষেত্রে অটিজমের সঙ্গে খিঁচুনি, মনোযোগের ঘাটতি, আচরণগত সমস্যা এবং ঘুমের সমস্যাও যুক্ত থাকে, যা পরিবারগুলির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, অটিজম বৃদ্ধির পিছনে তিনটি প্রধান কারণ রয়েছে—আনুবংশিক, এপিজেনেটিক (জিনের কার্যপ্রণালীর পরিবর্তন) এবং পরিবেশগত (দূষণ, খাদ্যাভ্যাস ও জীবনযাপন)। সাধারণত ১২-১৮ মাস বয়সেই এর প্রাথমিক লক্ষণ দেখা যায়, যেমন কথা বলতে দেরি হওয়া, চোখে চোখে যোগাযোগ কম হওয়া এবং সামাজিক আচরণে পরিবর্তন।
চিকিৎসকদের মতে, সময়মতো শনাক্তকরণ ও সঠিক যত্ন নিলে আক্রান্ত শিশুদের বিকাশে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য