
কাঠমান্ডু, ১ মে (হি.স.): ভারত ও নেপালের মধ্যে কোসি ও গণ্ডক প্রকল্প সংক্রান্ত যৌথ কমিটির ১১তম বৈঠক ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হল কাঠমান্ডু-এ। দুই দিনের এই বৈঠকে দীর্ঘদিনের একাধিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিহারের জলসম্পদ বিভাগের প্রধান সচিব সন্তোষ কুমার মল্ল এবং নেপালের পক্ষ থেকে নেতৃত্ব দেন জলসম্পদ ও সেচ বিভাগের মহাপরিচালক মিত্র বরাল।
আলোচনায় কোসি ও গণ্ডক প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশগুলি—নদী বাঁধ, ব্যারাজ, পূর্ব ও পশ্চিম তটবন্ধ এবং নালার বিভিন্ন অংশ দ্রুত দখলমুক্ত করার বিষয়ে নেপালের সম্মতি মিলেছে। পাশাপাশি, পশ্চিম কোসি প্রধান নালার উপর স্থাপিত বিদ্যুতের খুঁটি সরানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে বন্যা-পূর্ব ক্ষয়রোধী কাজ, কোসি অঞ্চলে নির্মাণ সামগ্রী ব্যবহারের নিয়ম এবং দিন-রাত যান চলাচলের অনুমতি নিয়েও সমঝোতা হয়েছে। একইসঙ্গে, কোসি প্রকল্পের লিজ জমির জিপিএস প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমানা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেপাল পক্ষ কোসি ব্যারাজে স্থানীয়দের বিভিন্ন কার্যকলাপের কারণে বাধা সৃষ্টি হওয়ার বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে। এছাড়া স্থানীয় স্তরে আরোপিত কর নিয়েও আলোচনা হয়েছে এবং তা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
জল নিষ্কাশন সমস্যার সমাধান, তথ্য বিনিময় এবং স্যাটেলাইট চিত্র ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে। বর্ষাকালে বন্যা পূর্বাভাস ব্যবস্থাকে আরও কার্যকর করতে বৃষ্টিপাত ও নদীর জলস্তরের তথ্য ভাগাভাগি নিয়েও আলোচনা হয়েছে।
সব মিলিয়ে, কোসি ও গণ্ডক প্রকল্পকে ঘিরে ভারত-নেপাল সহযোগিতা আরও জোরদার করার দিকেই এগোল এই বৈঠক।
----------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য