চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক পরিণতি,কার্টনে ভরে আনা হল অস্থি
শেওপুর, ১ মে (হি.স.): রাজস্থানের আলওয়ারে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মধ্যপ্রদেশের শেওপুরে। শুক্রবার ওই পাঁচজনের অস্থি কার্টনে ভরে গ্রামে আনা হয় এবং তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা
চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক পরিণতি,কার্টনে ভরে আনা হল অস্থি


শেওপুর, ১ মে (হি.স.): রাজস্থানের আলওয়ারে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মধ্যপ্রদেশের শেওপুরে।

শুক্রবার ওই পাঁচজনের অস্থি কার্টনে ভরে গ্রামে আনা হয় এবং তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

জানা গেছে,শেওপুর জেলার চেইনপুরা গ্রামের একটি পরিবার মানত পূরণের জন্য জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিল। ফেরার পথে বুধবার গভীর রাতে লক্ষ্মণগড়ের কাছে চলন্ত গাড়ির ইঞ্জিনে আচমকা আগুন লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গাড়ি আগুনে গ্রাস হয়। গাড়িতে থাকা পার্বতী (৫৫), সন্তোষ (৩৫), তাঁর স্ত্রী শশি (৩০), মেয়ে সাক্ষী (৯) ও ছোটিবাই (৭৯) জীবন্ত পুড়ে মারা যান। গুরুতর দগ্ধ অবস্থায় চালক বিনোদ মেহরা হাসপাতালে মারা যান।

দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে মৃতদেহগুলি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। শুক্রবার সকালে পাঁচটি কার্টনে করে অস্থি গ্রামে আনা হয়। এরপর একটি অর্থিতে কার্টনগুলি রেখে শবযাত্রা বের করা হয় এবং গ্রামের একটি মাঠে একই চিতায় পাঁচজনের শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থার অভাবে পৃথকভাবে দাহ করা সম্ভব হয়নি। শ্মশান না থাকায় ব্যক্তিগত জমিতেই শেষকৃত্য করতে হয়। ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande