
সোনভদ্র, ১৩ মে (হি.স.) : উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় বরযাত্রী নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার রাত ১০টা নাগাদ রামপুর বারকোনিয়া থানা এলাকার কাথার গ্রামের কাছে ঘটনাটি ঘটে।বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ঋষভ রানওয়াল জানান, মির্জাপুর জেলার মারিহান এলাকার চান্দারি বাঁধ গ্রামের বাসিন্দা শিব কুমারের ছেলের বিয়ের বরযাত্রী দল সোনভদ্রের রামপুর চেনারি গ্রামে যাচ্ছিল। রাত প্রায় ১০টা নাগাদ বরযাত্রীবোঝাই পিকআপটি কাথার গ্রামের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুর বারকোনিয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তিয়ারা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।মৃতদের নাম অজয় গন্ড (১৮), রাজন গন্ড (২০) এবং বিনোদ গন্ড (৩৫)। তাঁরা সকলেই মির্জাপুর জেলার মারিহান এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে লোধি রবার্টসগঞ্জ মেডিকেল কলেজে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বারাণসীর ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস