
কলকাতা, ১৩ মে (হি. স.) : বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা এবং তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে নিজের ফেসবুক পেজে কবির কালজয়ী পঙক্তি উদ্ধৃত করে তিনি লেখেন, “যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল— কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।” কবির মৃত্যুদিবস উপলক্ষে তাঁর বৈপ্লবিক চেতনা এবং গণমানুষের প্রতি তাঁর অঙ্গীকারকে এভাবেই পুনরুজ্জীবিত করেছেন তিনি।
উল্লেখ্য, বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী এই তরুণ কবি মাত্র ২১ বছর বয়সে পরলোকগমন করেন। অত্যন্ত স্বল্পস্থায়ী জীবনেও তিনি তাঁর অসাধারণ কবিত্ব শক্তির পরিচয় দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। অসহায়, নিপীড়িত ও সর্বহারা মানুষের সুখ-দুঃখ এবং তাঁদের বেঁচে থাকার লড়াই ছিল সুকান্তের কবিতার প্রধান উপজীব্য। যাবতীয় শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর কলম ছিল চিরকাল সোচ্চার। ১৯৪৭ সালের ১৩ মে প্রতিভাধর এই কবির প্রয়াণ ঘটলেও তাঁর সৃষ্টি আজও বাঙালির হৃদয়ে প্রতিবাদের প্রেরণা হয়ে বেঁচে আছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত