
মুর্শিদাবাদ, ২৪ অক্টোবর (হি.স.): টোটোচালকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ফুলন্দর গ্রামে। স্বামী জাহাঙ্গীর মোমিনকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর স্ত্রী নাবেরা খাতুনকে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ফুলন্দর গ্রামে নিজের বাড়ি থেকেই জাহাঙ্গীর মোমিনের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। জাহাঙ্গীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
মৃতের পরিবারের সদস্যরা এই মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পরিবারের পক্ষ থেকে জাহাঙ্গীরের স্ত্রী নাবেরা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর নাবেরা খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ ও সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছে পুলিশ। আদালতের নির্দেশের পরবর্তী পদক্ষেপ করবে তদন্তকারী দল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়