আরামবাগে দীর্ঘদিনের বেহাল নিকাশি সংস্কারের কাজ শুরু
আরামবাগ, ১৩ মে (হি.স.) : দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থার সমস্যায় ভুগছিলেন আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বর্ষাকাল এলেই জল জমে দুর্ভোগ বাড়ত এলাকায়। বহুবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি স্থানীয়দের। উল্লেখ্য, তৃণমূল
নিকাশি সংস্কার আরামবাগে


আরামবাগ, ১৩ মে (হি.স.) : দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থার সমস্যায় ভুগছিলেন আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বর্ষাকাল এলেই জল জমে দুর্ভোগ বাড়ত এলাকায়। বহুবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি স্থানীয়দের।

উল্লেখ্য, তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। অতীতে একাধিকবার তিনি অভিযোগ করেছিলেন, বিরোধী দলের কাউন্সিলর হওয়ার কারণেই তাঁর ওয়ার্ডকে পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার সেই ছবিতে বদল দেখা গেল। বুধবার উদ্যোগ নিয়ে ১৯ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করে আরামবাগ পৌরসভা। এলাকায় নিকাশি নালা পরিষ্কার ও সংস্কারের কাজ করতে দেখা যায় পৌরসভার কর্মীদের।

এদিন উপস্থিত থেকে কাজের তদারকি করেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তিনি জানান, দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে বারবার আবেদন ও আন্দোলন করা হলেও আগে কোনও পদক্ষেপ করা হয়নি। বর্তমানে নতুন প্রশাসনিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের কাজ শুরু হওয়ায় তিনি আশাবাদী।

নিকাশি সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও। তাঁদের আশা, দ্রুত কাজ সম্পূর্ণ হলে দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে মুক্তি মিলবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande