
- প্রোটেম স্পিকার হচ্ছেন চন্দ্রমোহন পাটোয়ারি, শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ
গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : অসম সরকারের মুখ্যমন্ত্রী থেকে সব মন্ত্রীদের কনভয়ের বহর ছোট হবে। আগামী ২১, ২২, ২৫ এবং ২৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ষোড়শ বিধানসভার অধিবেশন। অধিবেশন পরিচালনা করতে চন্দ্রমোহন পাটোয়ারিকে প্রোটেম স্পিকার নিয়োগ করা হবে, জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
গতকাল মঙ্গলবার শপথগ্রহণের পর আজ বুধবার প্রথম মন্ত্রিসভা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ড. শর্মা আসন্ন অসম বিধানসভা অধিবেশনের সময়সূচি তুলে ধরে জানান, অধিবেশন পরিচালনা করতে চন্দ্রমোহন পাটোয়ারিকে প্রোটেম স্পিকার নিয়োগ করতে রাজ্যপালকে অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠেয় অধিবেশনে নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। জানান, রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য বিধানসভায় প্রচলিত ভাষণ প্রদান করবেন।
ড. শর্মা জানান, নবনিযুক্ত মন্ত্রীদের দায়িত্ব বণ্টন এখনও হয়নি। খুব শীঘ্রই হয়ে যাবে। এছাড়া আসন্ন বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
তিনি জানান, এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অসমেও এখন থেকে কনভয়ের বহর ছোট করা হবে। এছাড়া নতুন মন্ত্রিসভা আগামী ছয় মাসে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ অনুমোদন করেছে জানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সহ সকল মন্ত্রীর কনভয় সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, এই ছয় মাসের সময়কালে সরকারি ব্যবহারের জন্য কোনও বিদেশি পণ্য আমদানি করা হবে না। সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে, আগামী ছয় মাস কোনও সরকারি বিভাগ সরাসরি সেমিনার বা কর্মশালা আয়োজন করবে না। তবে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে বৈঠক ও সম্মেলন চালিয়ে যাওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস