সাব্রুমে পুলিশ প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ, নেশা ও সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতার বার্তা
সাব্রুম (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : সমাজকে বাল্যবিবাহ ও নেশামুক্ত করার লক্ষ্য নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার মনুবনকুল নতুন বাজার এলাকায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। মনুবনকুল আউটপোস্টের ব্যবস্থাপনায় আ
সাব্রুমে সচেতনতামূলক কর্মসূচি


সাব্রুম (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : সমাজকে বাল্যবিবাহ ও নেশামুক্ত করার লক্ষ্য নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার মনুবনকুল নতুন বাজার এলাকায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। মনুবনকুল আউটপোস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক, যুব সমাজ এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দিপ্তনু বিশ্বাস, মনুবনকুল আউটপোস্টের অফিসার-ইন-চার্জ রমণী দেববর্মা সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাঁরা সমাজের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ আধিকারিকরা বাল্যবিবাহের ভয়াবহ সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জানান, অল্প বয়সে বিয়ে হলে কিশোরীদের শিক্ষা ব্যাহত হয়, শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং ভবিষ্যৎ জীবনে নানা জটিলতার মুখোমুখি হতে হয়। পাশাপাশি, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেওয়া হয়।

নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ আধিকারিকরা বলেন, মাদকাসক্তি কেবল একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এদিন সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কেও বিশদে আলোচনা করা হয়। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার, গাড়ি চালানোর সময় সিটবেল্ট বাঁধা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সার্বিক উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তাই ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সড়ক দুর্ঘটনার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ ধরনের প্রচার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এবং সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল করে তুলবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande