তোলাবাজি ও হুমকির অভিযোগে বরানগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার গ্রেফতার
উত্তর ২৪ পরগনা, ১৩ মে ( হি. স.) : তোলাবাজি এবং ভয় দেখানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। বুধবার পুলিশের একটি বিশেষ দল তাঁকে হেফাজতে নেয়। পুলিশ সূত
তোলাবাজি ও হুমকির অভিযোগে বরানগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার গ্রেফতার


উত্তর ২৪ পরগনা, ১৩ মে ( হি. স.) : তোলাবাজি এবং ভয় দেখানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। বুধবার পুলিশের একটি বিশেষ দল তাঁকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বরানগরের বাসিন্দা রীতা রায় নামে এক মহিলা মঙ্গলবার শান্তনু মজুমদারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি, তাঁর ফ্ল্যাটের ভাড়াটিয়া সংক্রান্ত একটি বিবাদ মিটিয়ে দেওয়ার নাম করে ওই কাউন্সিলর বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোটা টাকা আদায় করেছেন।

রীতা রায়ের অভিযোগ, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দফায় দফায় শান্তনু মজুমদার তাঁর কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা নিয়েছেন। এর পাশাপাশি, কাউন্সিলরের বিরুদ্ধে জোরপূর্বক ওই মহিলার ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া বসিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে।

অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয় ব্যারাকপুর পুলিশ এবং অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তনু মজুমদারের বিরুদ্ধে অনুমতি ছাড়া কারও বাড়িতে প্রবেশ করা, তোলাবাজি এবং ভয় দেখানোর মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩, ৩০৮(৫), ৩৫১(৩) এবং ৩(৫) নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande