
হিঙ্গলগঞ্জ, ১৩ মে (হি. স.):- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দক্ষিণ লেবুখালী এলাকায় বুধবার বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে বিজয় উৎসবের আবহ দেখা গেল। দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমলে অত্যাচার, শোষণ ও ভয়ভীতির পরিবেশের মধ্যে থাকতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার বহু বাসিন্দা। মহিলা থেকে পুরুষ— সকলেই দাবি করেন, গত ১৫ বছরে রাজনৈতিক কারণে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁদের।স্থানীয় বিজেপি সমর্থকদের বক্তব্য, তৃণমূল সরকারের একাধিক অত্যাচারের বিরুদ্ধে তাঁরা দীর্ঘদিন লড়াই চালিয়ে গিয়েছেন। এবারের নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়কে তাঁরা সেই লড়াইয়ের ফল বলেই মনে করছেন। জয়ের খবর সামনে আসতেই এলাকায় আনন্দ মিছিল, আবির খেলা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।এদিন বহু বিজেপি কর্মী ও সমর্থক বলেন, “দীর্ঘদিন আমরা ভয়ের মধ্যে ছিলাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণভাবে বাঁচতে পারিনি। এখন পরিবর্তনের পরে আমরা সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। তাই আমরা অত্যন্ত খুশি।”দক্ষিণ লেবুখালী এলাকাজুড়ে এদিন বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়