
গোঘাট, ১৩ মে (হি.স.) : হরিনামে মাতলেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। বুধবার নিজের গ্রাম সেলামপুরের হরিবাসর অনুষ্ঠানে যোগ দিয়ে গ্রামবাসীদের সঙ্গে হরিনামে নাচতে দেখা গেল তাঁকে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সেলামপুর গ্রামের বারোয়ারি কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন প্রশান্ত দিগার। বিধায়ক হওয়ার পরও গ্রামের সঙ্গে তাঁর সেই নিবিড় সম্পর্ক অটুট রয়েছে বলেই মত স্থানীয়দের।
এদিন হরিবাসর অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে পুজো ও কীর্তনে অংশ নেন বিধায়ক। পরে কীর্তনের তালে গ্রামবাসীদের সঙ্গে হরিনামে নাচতে শুরু করেন তিনি। বিধায়কের এই সহজ-সরল ও ভক্তিমূলক রূপ দেখে উৎসাহিত হন উপস্থিত বহু মানুষ। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়।
এ প্রসঙ্গে প্রশান্ত দিগার বলেন, “হরি একমাত্র আমাদের সম্বল। তিনিই আমাদের সঠিক পথ দেখান। গ্রামের এই ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে আমি বহুদিন ধরেই জড়িত। সুযোগ পেলেই এখানে আসার চেষ্টা করি।”
বিধায়কের এই অংশগ্রহণে খুশি গ্রামবাসীরাও। তাঁদের বক্তব্য, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও গ্রামের ঐতিহ্য ও ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় মানুষের কাছে আরও আপন হয়ে উঠেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA