
কলকাতা, ১৩ মে (হি স)। বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির বিধায়করা। মন্ত্রী, বিজেপি বিধায়করা ছাড়াও বিরোধীরাও এদিন শপথ নেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য মিষ্টি উপহার নিয়ে গেলেন হুমায়ুন কবীর।
ভোটের আগে তৃণমূল ছেড়ে আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নওদা আর রেজিনগর কেন্দ্র থেকে হুমায়ুন কবীর জিতে এসেছেন। বুধবার তিনি বিধানসভায় শপথগ্রহণ করেন।
এদিন বিধানসভায় এসে হুমায়ুন কবীর মুর্শিদাবাদের জিভে জল আনা মনোহরা ও একাধিক মিষ্টি উপহার হিসেবে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর জন্য নিয়ে আসেন। শুভেন্দুবাবুকে ‘ভালো লোক’ বলে সম্বোহন করে হুমায়ুন বলেন, “মনোহরা হল মনের আরাম, মনের প্রাণ। তাই নিয়ে এলাম। রাজনৈতিক কচকচি অনেক হয়েছে। এবার একটু মিষ্টিমুখ করতে হবে।”
শাসক-বিরোধী সকলের জন্যই মিষ্টি আনা হয়েছে সেই কথাও বিধায়ক জানান। তবে মনোহরা দোকানে শেষ হয়ে গিয়েছিল বলে সংখ্যায় কম এনেছেন, সেই কথাও বলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত