
ঝাড়গ্রাম, ১৩ মে (হি.স.) : কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার বান্দরবনী এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে তিন বন্ধু মিলে কংসাবতী নদীতে স্নান করতে নামে। স্নানের সময় আচমকাই দুই কিশোর গভীর জলে তলিয়ে যায়। সঙ্গে থাকা তৃতীয় বন্ধু চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে নেমে পড়েন।
খবর পেয়ে বিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। পরে দুই কিশোরকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত দুই নাবালকের নাম বিধান সিংহদেব (১৪) ও দেবেশ মাহাত (১৩)। ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো