
শ্রীভূমি (অসম), ১৩ মে (হি.স.) : উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ পান্না বুধবার করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার অবনতির চিত্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নানা সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে হাসপাতালের ঔষধের অভাব, চিকিৎসক ও কর্মচারীর সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা এবং রোগীদের দীর্ঘ অপেক্ষা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। বিশেষ করে এক রোগীর আল্ট্রাসাউন্ড পরীক্ষার জন্য এক মাস পরের তারিখ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠতেই ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তিনি বলেন, “এক কথায় যা ইচ্ছা তাই চলছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।”
বিধায়ক হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সমস্যাগুলোর সমাধানের নির্দেশ দিয়ে জানান, অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে তিনি গণআন্দোলনে নামতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, করিমগঞ্জ সিভিল হাসপাতাল হাজার হাজার মানুষের একমাত্র ভরসাস্থল। তাই এখানে উন্নত ও মানবিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন তাপস পুরকায়স্থ, অনুরাগ দত্ত সহ অনেকে ।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস