
কলকাতা, ১৩ মে (হি. স.) : কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া-বিমানবন্দর) সম্প্রসারণের কাজে গতি আনতে চিংড়িঘাটা মোড়ে আগামী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। এই মর্মে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৫ মে থেকে পুরোদমে কাজ শুরু হওয়ার কথা জানানো হয়েছে ওই নির্দেশিকায়। কাজ চলাকালীন যে কোনও ধরণের দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের ট্রাফিক আইন এবং সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, কাজের প্রথম পর্যায়ে উত্তরমুখী পথ বন্ধ রাখা হবে। আগামী সোমবার পর্যন্ত মোট ৬০ ঘণ্টা এই কাজ চলবে। এই সময়সীমার মধ্যে সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহারের এবং নির্দিষ্ট সময়সূচি মেনে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পূর্ব ও পশ্চিম অভিমুখে গাড়ি চলাচলের রুট সম্পর্কেও বিশদে জানানো হয়েছে। মেট্রো প্রকল্পের কাজ দ্রুত শেষ করতেই পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে আগামী দিনে যাতায়াত আরও মসৃণ হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত