
সরণ, ১৩ মে ( হি.স.): বিহারের সরণে ঘটল এক পথ দুর্ঘটনা। বুধবার রসুলপুর থানার অন্তর্গত বংশী ছাপরা গ্রামের নিকট অবস্থিত ছাপরা-সিওয়ান জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা এক যুবকের । গুরুতরভাবে আহত আরও সাতজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রাহুল কুমার (৩০)। তিনি দাউদপুর থানার অন্তর্গত দমদুমা গ্রামের বাসিন্দা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , দুর্ঘটনার দিন ভোরে গাড়িটি দাউদপুর থানার অন্তর্গত এলাকায় বিয়ের নিমন্ত্রণ সেরে ফিরছিল। বংশী ছাপরা গ্রামের কাছে ঘটে দুর্ঘটনাটি। রাস্তায় অন্ধকার থাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপরদিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। আহত সাতজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতের পরিবারের সদস্যরা পুলিশের কাছে তাঁদের ক্ষোভ উগরে দেয়। পুলিশ দ্রুত তদন্ত নিস্পত্তির আশ্বাস দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক