
বাঁকুড়া, ১৩ মে (হি.স.) : সৌমিত্র খাঁ-এর প্রাক্তন স্ত্রী সুজাতা এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন। বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ ছাড়ার পাশাপাশি তৃণমূলও ছাড়লেন তিনি।
বুধবার বাঁকুড়ার জেলাশাসকের দফতরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সুজাতা মণ্ডল। পাশাপাশি, তৃণমূল নেতৃত্ব ও ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে অভিমানের কথা জানিয়ে দল ছাড়ার কথাও ঘোষণা করেন তিনি।
বাঁকুড়া তথা বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা একসময় ছিলেন বিজেপির সক্রিয় কর্মী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইনি বাধায় যখন সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী হয়েও নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে প্রচারে নামতে পারেননি সেই সময় তাঁর হয়ে প্রচারে ঝড় তোলেন সুজাতা।
কিন্তু স্বামীর সঙ্গে অচিরেই প্রবল অশান্তি শুরু হয়। একবছরের মাথায় তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। কিন্তু দলের প্রথম সারির মুখ হওয়ার অবকাশ তাঁর হচ্ছিল না। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ৪ মে-র ফলাফলে বিজেপি-র জয়ের পর খুশি হয়েছিলেন সুজাতা মণ্ডল। যদিও তাঁর দাবি, আপাতত গন্তব্য অন্য কোনও দল নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত