
কলকাতা, ১৩ মে (হি. স.) : মোহনবাগান রত্ন তথা প্রখ্যাত ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু, যিনি ময়দানে 'টুটু বসু' নামেই সমধিক পরিচিত ছিলেন, তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার ক্রীড়ামহলে। বুধবার দুপুরে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে মোহনবাগান ক্লাব তাঁবুতে তাঁর নশ্বর দেহ শায়িত রাখা ছিল। এদিন বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পরেই দুপুর দেড়টা নাগাদ ক্লাবে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রয়াত মোহনবাগান রত্নের মরদেহে মাল্যদান করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক।
মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে, টুটু বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এদিন ক্লাব তাঁবুতে উপস্থিত হয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া সিএবি-র পক্ষ থেকেও সংস্থার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং আশুতোষ চট্টোপাধ্যায়ও ক্লাবে উপস্থিত হয়ে প্রিয় নেতার প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। দীর্ঘ কয়েক দশক ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা টুটু বসুর প্রয়াণ কলকাতা ময়দানের এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটাল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত