
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার রেলস্টেশন চত্বরে এক অটো চালকের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে বুধবার গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা। একই সঙ্গে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে—এর মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন অটোচালকেরা।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী লুলু ত্রিপুরা নামে জনৈক যুবক অটোস্ট্যান্ডে থাকা কয়েকজন অটো চালকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। বাগ্বিতণ্ডা একসময় চরমে পৌঁছালে তিনি জনৈক অটো চালককে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ। ঘটনায় আহত চালক আতঙ্কিত হয়ে পড়েন এবং অন্যান্য চালকেরা ক্ষোভে ফেটে পড়েন।
এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই শান্তিরবাজার রেলস্টেশন থেকে অটো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন চালকেরা। ফলে ট্রেনে আগত শতাধিক যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন। স্টেশন চত্বরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যানবাহন না পেয়ে অনেকে বিকল্প ব্যবস্থা খুঁজতে বাধ্য হন।
অটো মজদুর সংঘের সদস্যদের বক্তব্য, স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসামাজিক উপাদানের দৌরাত্ম্য বেড়েছে। চালকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং চাঁদাবাজির অভিযোগও রয়েছে। কিন্তু বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে।
সংঘের জমৈক প্রতিনিধি জানান, “একজন চালকের উপর হামলা মানে পুরো শ্রমিক সমাজের উপর আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”
ঘটনার জেরে শান্তিরবাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় যদি প্রকাশ্যে হামলার ঘটনা ঘটে, তবে যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তা কতটা সুরক্ষিত?
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ