ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী
আগরতলা, ১৩ মে (হি.স.) : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী বুধবার ত্রিপুরা বিধানসভার লবিতে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা র
শপথ নিলেন জহর চক্রবর্তী


আগরতলা, ১৩ মে (হি.স.) : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী বুধবার ত্রিপুরা বিধানসভার লবিতে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া-সহ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবনির্বাচিত বিধায়কের কাছে ধর্মনগরসহ গোটা রাজ্যের সার্বিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন। অন্যদিকে, শপথ গ্রহণের পর জহর চক্রবর্তী জানান, সবাইকে সঙ্গে নিয়ে ধর্মনগরের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

বুধবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা বিধানসভার লবিতে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নেন জহর চক্রবর্তী। তাঁকে শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্যান্য উপস্থিত অতিথিরা পুষ্পস্তবক তুলে দিয়ে নবনির্বাচিত বিধায়ককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর ধর্মনগর আসনটি শূন্য হয়ে পড়েছিল। উপনির্বাচনের মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ হয়েছে। নবনির্বাচিত বিধায়ক যেন তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। পাশাপাশি, ধর্মনগর কেন্দ্রের পাশাপাশি গোটা রাজ্যের উন্নয়নে বিধানসভায় জহর চক্রবর্তীর সক্রিয় ও গঠনমূলক ভূমিকা থাকবে বলেও আশা প্রকাশ করেন।

অন্যদিকে, শপথ গ্রহণের পর জহর চক্রবর্তী বলেন, উন্নয়নই তাঁর রাজনীতির মূল অঙ্গীকার। ধর্মনগরকে একটি আধুনিক ও উন্নত শহরে পরিণত করাই তাঁর লক্ষ্য। মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের ধারা চলছে, তা ধর্মনগরেও আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুর ফলে ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়ে পড়ে। পরবর্তী উপনির্বাচনে বিজেপি জহর চক্রবর্তীকে প্রার্থী করে। নির্বাচনে তিনি ১৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন। বুধবারের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর সাংবিধানিক দায়িত্বভার গ্রহণ করলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande