নীট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ যুব কংগ্রেসের
আগরতলা, ১৩ মে (হি.স.) : নীট-ইউজি পরীক্ষাকে ঘিরে অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ভেঙে দেওয়ার দাবি জানিয়ে
যুব কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৩ মে (হি.স.) : নীট-ইউজি পরীক্ষাকে ঘিরে অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ভেঙে দেওয়ার দাবি জানিয়ে বুধবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।

তিনি অভিযোগ করেন, ডাক্তারি পড়ার জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা নীট-কে ঘিরে বারবার অনিয়ম, প্রশ্নফাঁস ও প্রশাসনিক ব্যর্থতা সামনে আসছে। এর ফলে দেশের প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করে যুব কংগ্রেস দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে।

নীল কমল সাহা বলেন, “এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার নীট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৬, ২০২১, ২০২৪ এবং চলতি বছর—বারবার একই ধরনের অভিযোগ সামনে এসেছে। অথচ পরীক্ষার্থীদের উদ্বেগ ও ক্ষোভ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা এনটিএ-র পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “সরকার শুধু ‘ডিজিটাল ইন্ডিয়া’র প্রচার করছে, কিন্তু ‘শিক্ষিত ভারত’ গড়ার বিষয়ে আন্তরিক নয়। দেশের মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলতে পারে না।”

যুব কংগ্রেস সভাপতির দাবি, পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনায় ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি নীট-সহ জাতীয় স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-কে ভেঙে দিয়ে নতুন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি জানান, এই ইস্যুকে কেন্দ্র করে খুব শীঘ্রই ত্রিপুরাসহ দেশের সব রাজ্যে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ করে তরুণ প্রজন্মদের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে নীল কমল সাহা আরও অভিযোগ করেন, জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এর ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে গভীর অনিশ্চয়তা ও অবিশ্বাস তৈরি হয়েছে।

যুব কংগ্রেসের বক্তব্য, শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande