সাতচাঁদ ব্লকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা, উৎসে বর্জ্য পৃথকীকরণে জোর
সাব্রুম (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক উপায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ আরডি ব্লকে অনুষ্ঠিত হল “সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস-২০২৬” বিষয
সাব্রুমে কর্মশালা


সাব্রুম (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক উপায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ আরডি ব্লকে অনুষ্ঠিত হল “সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস-২০২৬” বিষয়ক কর্মশালা। বুধবার সকাল ১১টায় সাতচাঁদ ব্লকের কনফারেন্স হলে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রশাসনিক ও পঞ্চায়েত স্তরের একাধিক প্রতিনিধিরা।

কর্মশালায় উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, বিডিও সৌরদিপ দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্য সমির পাল সহ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, আধিকারিক ও সচ্ছতা মিত্ররা। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চলের মানুষকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরা।

অনুষ্ঠানে বিডিও সৌরদিপ দেবনাথ জানান, বর্তমান সময়ে পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “আমরা যদি বাড়ির স্তর থেকেই বর্জ্য আলাদা করে ফেলতে পারি, তাহলে পুনর্ব্যবহার, কম্পোস্টিং এবং নিরাপদ নিষ্পত্তি অনেক সহজ হয়ে যাবে। এর ফলে গ্রামাঞ্চল আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের সবুজ, নীল, হলুদ ও লাল রঙের ডাস্টবিনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সবুজ ডাস্টবিনে জৈব বর্জ্য, নীল ডাস্টবিনে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য, হলুদ ডাস্টবিনে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এবং লাল ডাস্টবিনে বিপজ্জনক বা বিশেষ ধরনের বর্জ্য ফেলার নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাসীরা যদি শুরু থেকেই বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তোলেন, তবে ভবিষ্যতে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় বর্জ্য থেকে সার উৎপাদন এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।

“পরিচ্ছন্ন গ্রাম, সবুজ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্থায়ীভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। তাই প্রত্যেক পরিবারকে এই উদ্যোগের অংশীদার হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষে ব্লক এলাকার সচ্ছতা মিত্রদের কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের পুরস্কৃত করা হয়। তাঁদের নিরলস পরিশ্রম এবং গ্রামীণ পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

স্থানীয়দের মতে, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রামীণ এলাকায় পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী দিনে পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande