শিক্ষক সংকট, স্কুলে তালা ঝুলিয়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
কদমতলা (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকার সাতসঙ্গম হাই স্কুলে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বুধবার ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী
ছাত্রছাত্রীদের বিক্ষোভ


কদমতলা (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকার সাতসঙ্গম হাই স্কুলে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বুধবার ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হয় পড়ুয়ারা। পাশাপাশি সংলগ্ন সড়ক অবরোধ করে শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয় তাঁরা।

অভিযোগ, বিদ্যালয়ের মর্নিং সেকশনে ২০০-রও বেশি ছাত্রছাত্রী অধ্যয়ন করলেও বর্তমানে সেখানে রয়েছেন মাত্র একজন শিক্ষক, হেলাল আহমেদ। একজন শিক্ষকের পক্ষে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়মিত পাঠদান, উপস্থিতি রক্ষণ, শ্রেণিকক্ষ তদারকি এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের।

জনৈক ক্ষুব্ধ অভিভাবক বলেন, “একজন শিক্ষক কীভাবে ২০০-র বেশি ছাত্রছাত্রীকে সামলাবেন? তিনি কি পড়াবেন, না বাচ্চাদের দেখভাল করবেন? বহুবার শিক্ষা দফতরে জানিয়েও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ন্যূনতম শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি।

এদিনের আন্দোলনে ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দেয়, লিখিতভাবে শিক্ষক নিয়োগের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। বৃষ্টির মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধ চলায় এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে দুপুর প্রায় ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান জেলা শিক্ষা দফতরের ডেপুটি আইএস অভিমুন্য মালাকার এবং ওএসডি সমীর নাথ। তাঁরা আন্দোলনরত ছাত্রছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা আনুমানিক দেড়টা নাগাদ ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে স্থানীয়দের প্রশ্ন, কেবল আশ্বাসেই কি মিটবে সাতসঙ্গম হাই স্কুলের দীর্ঘদিনের শিক্ষক সংকট, নাকি আগের মতোই প্রতিশ্রুতির আড়ালে চাপা পড়ে যাবে সীমান্তের পড়ুয়াদের ভবিষ্যৎ?

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande