তাকিয়াটিলায় অটো-ইরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ আহত ৭
বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার পিআর বাড়ি থানার অন্তর্গত রাজনগর-রাধানগর সড়কের তাকিয়াটিলা এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ পথদুর্ঘটনায় শিশু-সহ সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গ
সড়ক দুর্ঘটনা


বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার পিআর বাড়ি থানার অন্তর্গত রাজনগর-রাধানগর সড়কের তাকিয়াটিলা এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ পথদুর্ঘটনায় শিশু-সহ সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক দুপুর সাড়ে ১২টা নাগাদ রাধানগর থেকে রাজনগরের দিকে আসছিল যাত্রীবোঝাই একটি ইরিক্সা (নম্বর: টিআর০৮বি-৩৭৪২)। একই সময়ে বিপরীত দিক থেকে রাজনগর থেকে রাধানগরের দিকে যাচ্ছিল একটি অটো (নম্বর: টিআর০৮এ-২০৪২)। তাকিয়াটিলা এলাকায় পৌঁছতেই দু'টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায়। দুই গাড়িতে থাকা চালক ও যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর দমকল কেন্দ্রের কর্মীরা এবং পিআর বাড়ি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রাজনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকলকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

আহতদের পরিচয় জানা গেছে— সঞ্জিত সূত্রধর (২৩), কৃষ্ণ শীল (২৪), দীপঙ্কর দাস (২৭) (ইরিক্সা চালক), সুপর্ণা সাহা (৩৫), তাঁর কন্যা দেবশ্রী সাহা (১০), অনিতা দে (৭৫)। এঁদের সকলের বাড়ি রাধানগর এলাকায়। এছাড়া আহত হয়েছেন লিলু দে (৭০), তাঁর বাড়ি শান্তিরবাজার মহকুমার বাইখোড়া এলাকায়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটো ও ইরিক্সা জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পিআর বাড়ি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande