
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৩ মে (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া এলাকায় বুধবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস এবং একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয়দের অনুমান, অতিরিক্ত গতি কিংবা অসাবধানতাবশত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ছয়জনকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
সন্ধ্যার মুখে বড়মুড়া এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ