
শামসেরগঞ্জ, ১৪ মে (হি. স.): মুর্শিদাবাদের শামসেরগঞ্জে দিনদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রতনপুর এলাকার সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় ৬ জনের এক দুষ্কৃতী দল। অভিযোগ, প্রত্যেকেই সাদা পোশাকে ছিল এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সাদা রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা শোরুমের সামনে আসে। এরপর মুহূর্তের মধ্যেই বন্দুক দেখিয়ে শোরুমের কর্মী ও উপস্থিত ক্রেতাদের আতঙ্কিত করে ফেলে। তারপর শোরুম থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশেপাশের বিভিন্ন ক্যামেরার ফুটেজও সংগ্রহ করছে পুলিশ।যদিও ঠিক কত পরিমাণ সোনার গয়না লুট হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়