সারা দেশে ভোটার তালিকার এসআইআর, ত্রিপুরায় যাচাই হবে ২৮.৯৭ লক্ষ ভোটারের তথ্য
আগরতলা, ১৪ মে (হি.স.) : সারা দেশে ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ করতে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)-এর তৃতীয় পর্যায় শুরু করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সংযুক্তি-১ অনুযায়ী, দেশের ১৬টি রাজ্য এবং ৩ট
নির্বাচন কমিশন


আগরতলা, ১৪ মে (হি.স.) : সারা দেশে ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ করতে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)-এর তৃতীয় পর্যায় শুরু করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সংযুক্তি-১ অনুযায়ী, দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরায়ও হবে এসআইআর। এখানে বিএলও-র সংখ্যা ৩,৩৫৬, বিএলএ ৬,৭৫৭ এবং ভোটার ২৮,৯৭,৬৭৪ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলমান জাতীয় জনশুমারির বাড়ি তালিকা প্রস্তুত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং মাঠপর্যায়ের প্রশাসনিক সুবিধা বিবেচনা করেই এসআইআর-এর তৃতীয় পর্যায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই পর্যায়ে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাদে দেশের প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা সম্পন্ন হবে।

উল্লেখিত তিনটি অঞ্চলকে আপাতত এই পর্যায়ের বাইরে রাখা হয়েছে। কারণ, সেখানে জনগণনার দ্বিতীয় ধাপের কাজ এখনও সম্পূর্ণ হয়নি এবং উচ্চ পার্বত্য ও তুষারাবৃত এলাকার প্রতিকূল আবহাওয়া মাঠপর্যায়ের কাজ পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে পরবর্তীতে এই তিন অঞ্চলের জন্য পৃথকভাবে সময়সূচি ঘোষণা করা হবে।

এসআইআর-এর তৃতীয় পর্যায় দেশের বৃহত্তম ভোটার যাচাইকরণ কর্মসূচিগুলির অন্যতম হতে চলেছে। এই পর্যায়ে ৩ লক্ষ ৯৪ হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩৬ কোটি ৭৩ লক্ষ ভোটারের তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। ভোটারদের নাম, ঠিকানা, বয়স, পরিচয় সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হবে।

এই বিশাল কর্মযজ্ঞে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ৩ লক্ষ ৪২ হাজার বুথ লেভেল এজেন্ট (বিএলএ)। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ততার ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত হবে বলে কমিশনের অভিমত।

নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে সাধারণ ভোটার, নির্বাচন আধিকারিক এবং রাজনৈতিক দল—সকল অংশীদারের সক্রিয় ভূমিকা রয়েছে। কমিশন দেশের সব রাজনৈতিক দলকে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার আহ্বান জানিয়েছে, যাতে ভোটার তালিকা সংশোধনের কাজ আরও কার্যকর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়।

এর আগে এসআইআর-এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ওই পর্যায়গুলিতে প্রায় ৫৯ কোটি ভোটারের তথ্য যাচাই করা হয়। এই কাজে ৬ লক্ষ ৩০ হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার এবং রাজনৈতিক দলগুলির মনোনীত প্রায় ৯ লক্ষ ২০ হাজার বুথ লেভেল এজেন্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নির্বাচন কমিশনের মতে, নিয়মিত ও সঠিকভাবে ভোটার তালিকা পুনর্বিবেচনার মাধ্যমে ভুয়ো, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম অপসারণ এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। এর ফলে দেশের নির্বাচনী ব্যবস্থা আরও নির্ভুল, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।

কমিশনের এই উদ্যোগকে আগামী নির্বাচনগুলির আগে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সারা দেশে একইসঙ্গে এত বৃহৎ পরিসরে ভোটার তথ্য যাচাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande