
আরামবাগ, ১৪ মে (হি.স.): উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে রাজ্যজুড়ে সাফল্যের উচ্ছ্বাস। আর সেই সাফল্যের তালিকায় উজ্জ্বল নাম আরামবাগের ছাত্র প্রীতম বল্লভ। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে আরামবাগ তথা হুগলি জেলার মুখ উজ্জ্বল করেছে সে।
প্রীতম বর্তমানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। যদিও তার বাড়ি আরামবাগের শালেপুর এলাকায়। কর্মসূত্রে তার পরিবার বর্তমানে আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বসবাস করে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী প্রীতম নিয়মিত অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে তার পরিবার।
প্রীতমের এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া আরামবাগ জুড়ে। এলাকার মানুষজন থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, প্রতিবেশী ও আত্মীয়স্বজন সকলেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন তাকে। অনেকেই মনে করছেন প্রীতমের এই কৃতিত্ব আগামী দিনে এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করবে।
প্রীতমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় লক্ষ্যে এগিয়ে যেতে চায় সে। তার এই সাফল্যে গর্বিত আরামবাগবাসী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA