(আপডেট) অধ্যক্ষ নির্বাচনে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোসকে মনোনয়ন দিল বিজেপি, আগামীকাল বিশেষ অধিবেশন
কলকাতা, ১৪ মে (হি. স.) : শুক্রবার একদিনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। এই অধিবেশনে রাজ্যের ২৯৩ জন বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক বলে এক নির্দেশিকায় জানানো হয়েছে। বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাস স্বাক্ষরিত এই নির্দেশিকা
বিধানসভায় শুক্রবার বিশেষ অধিবেশন


কলকাতা, ১৪ মে (হি. স.) : শুক্রবার একদিনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। এই অধিবেশনে রাজ্যের ২৯৩ জন বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক বলে এক নির্দেশিকায় জানানো হয়েছে। বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাস স্বাক্ষরিত এই নির্দেশিকা (ডি.ও. নং এস-০১/১৮ (২৯৩) এল.এ) ইতিমধ্য়েই সমস্ত বিধায়কের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ১ নং ধারা অনুযায়ী রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এই অধিবেশন ডাকার সমন পাঠিয়েছেন।

​আগামীকালকের এই বিশেষ অধিবেশনের প্রধান বিষয় হলো নতুন অধ্যক্ষ নির্বাচন। জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী প্রথমবারের বিধায়ক রথীন্দ্র বোসকে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ করার তোড়জোড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় জানান যে, দলের পক্ষ থেকে রথীন্দ্রবাবুকেই অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার নিরিখেও তিনি এই পদের জন্য যোগ্যতম। পেশায় এক জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র বোসকে অধ্যক্ষ হিসেবে বেছে নেওয়া একপ্রকার ‘অটোমেটিক চয়েস’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

​অধ্যক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটদানের ব্যবস্থাও রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, আগামীকাল সমস্ত বিধায়ক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন। নবনির্বাচিত বিধায়কদের উপস্থিতিতে এক স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন অধ্যক্ষ দায়িত্বভার গ্রহণ করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande