
বাঁকুড়া, ১৪ মে (হি. স.) : বাঁকুড়া পৌর এলাকার গোপীনাথপুরে একটি বেআইনি নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ১ নম্বর ওয়ার্ডের ওই নির্মাণকার্যটি নিয়ম মেনে হচ্ছে না—এই মর্মে এলাকার বাসিন্দারা পৌরসভার কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। অভিযোগ জমা পড়ার পরেই নড়েচড়ে বসেছে বাঁকুড়া পৌর প্রশাসন। আপাতত ওই বাড়ির নির্মাণকার্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা তথা বিজেপির ওয়ার্ড সভাপতি বাপী দাস এই প্রসঙ্গে জানান যে, নির্মীয়মান বাড়িটি আইন মেনে তৈরি হচ্ছে না বলে এলাকাবাসী সন্দেহ প্রকাশ করেছেন। জনস্বার্থেই তাঁরা বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ লাহা জানিয়েছেন, তাঁর জানামতে বাড়িটি আইন মেনেই তৈরি হচ্ছে। তবে অভিযোগ পাওয়ার পর স্বচ্ছতা বজায় রাখতে পৌরসভা থেকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পৌরসভার পক্ষ থেকে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সমস্ত নথিপত্র ও কাগজপত্র খতিয়ে দেখছি। তদন্তের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” আপাতত প্রশাসনের হস্তক্ষেপের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট