
পশ্চিম মেদিনীপুর, ১৪ মে (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানা এলাকার বেলমুলা ঘাটে বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে এক ১৬ বছর বয়সী কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ কিশোরের নাম রাজা প্রামাণিক (১৬)। সে স্থানীয় পালসণ্ডপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রাজা তার বন্ধুদের সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় হঠাৎই সে গভীর জলের স্রোতের টানে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনাটি লক্ষ্য করার পরেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় নদীতে থাকা অপর তিন যুবককে সুরক্ষিতভাবে জল থেকে টেনে তোলা সম্ভব হলেও, রাজার কোনও হদিশ পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের দলকেও উদ্ধারকাজে লাগানো হয়েছে। খবর লেখা পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নদীতে চিরুনি তল্লাশি চালাচ্ছেন। মর্মান্তিক এই ঘটনায় নিখোঁজ কিশোরের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি