
কলকাতা, ১৪ মে (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ঝড়-বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে আগামী ১৯ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর থেকে আর কোথাও আলাদা করে সতর্কতা জারি করা হয়নি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আরও কিছু দিন। তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ