ঝটিকা সফরে বাঁকুড়ায় মুখ্য নির্বাচন আধিকারিক, স্ট্রং রুম পরিদর্শন
বাঁকুড়া, ২ মে (হি.স.): পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় স্ট্রং রুমের রক্ষণাবেক্ষণ ও ভোটগণনার প্রস্তুতি খতিয়ে দেখতে ঝটিকা সফরে এলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার বিকেলে তিনি জেলায় এসে একাধিক স্ট্রং রুম পরিদর্শন করেন। প্রথমে কড়গ
ঝটিকা সফরে বাঁকুড়ায় মুখ্য নির্বাচন আধিকারিক, স্ট্রং রুম পরিদর্শন


বাঁকুড়া, ২ মে (হি.স.): পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় স্ট্রং রুমের রক্ষণাবেক্ষণ ও ভোটগণনার প্রস্তুতি খতিয়ে দেখতে ঝটিকা সফরে এলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার বিকেলে তিনি জেলায় এসে একাধিক স্ট্রং রুম পরিদর্শন করেন।

প্রথমে কড়গাহিড় হেলিপ্যাডে নেমে তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুমে যান। এরপর বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্ট্রং রুমও পরিদর্শন করেন। সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সাংবাদিকদের তিনি জানান, হিংসা রুখতে ভোটগণনা থেকে নতুন সরকার গঠন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বাঁকুড়া, ছাতনা, শালতোড়া, ওন্দা ও বড়জোড়া বিধানসভার ভোট গণনা হবে। খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে রাইপুর, রানিবাঁধ ও তালডাংরা কেন্দ্রের গণনা হবে। পাশাপাশি বিষ্ণুপুর মহকুমার বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী ও ইন্দাস কেন্দ্রের গণনা হবে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে।

গত ২৩ এপ্রিল ভোটগ্রহণের পর ইভিএমগুলি সংশ্লিষ্ট স্ট্রং রুমে সুরক্ষিত রাখা হয়েছে। স্ট্রং রুমগুলির নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে। তিনস্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, গণনা কেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্বে রাজনৈতিক দলগুলির ক্যাম্প অফিস থাকবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হবে।

জেলা জুড়ে ভোটগণনাকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande