
উদয়পুর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : গোমতী জেলার উদয়পুর মহকুমার কিল্লা এলাকায় যুবনেতা গ্রেফতারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবারও সকাল থেকে একাধিক স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন তিপ্রা মথার কর্মীরা। ফলে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার উদয়পুর কিল্লা টিটিএএডিসি এলাকার ভিলেজ কমিটির অফিসে একদল ব্যক্তি গেলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় জগৎরানী জমাতিয়া কিল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মালিন্দ্র জমাতিয়া, বিশ্ব জমাতিয়া সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিপ্রা মথার যুব সংগঠন ওয়াইটিএফ-এর নেতা হীরণ জমাতিয়াকে তইরূপা এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তাঁকে আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়।
যুবনেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। শুক্রবার থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি শনিবার আরও তীব্র আকার ধারণ করে। এদিন সকাল থেকে কিল্লা এলাকার রাইয়াবাড়ি, খুপিলং, কাঁঠালবাড়ি, কাবড়া বাজার, দেওয়ানবাড়ি, নোয়াবাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথ অবরোধ করা হয়।
অবরোধের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সাধারণ মানুষ। স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছাতে পারেননি। পাশাপাশি সরকারি ও বেসরকারি দফতরের কর্মীদেরও অফিসে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়। পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে এবং উদয়পুর সদরের সঙ্গে কিল্লার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
আন্দোলনকারীদের একটাই দাবি—গ্রেফতার যুবনেতা হীরণ জমাতিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ