
হাইলাকান্দি (অসম), ২ মে (হি.স.) : হাইলাকান্দি জেলায় আসন্ন ৪ মে দুটি বিধানসভা আসনের ভোটগণনা পর্বের প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা প্রশাসন। ওইদিন সরকারি ভিএম হায়ার সেকেন্ডার স্কুলে ভোটগণনা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার মনসুর আহমেদ মজুমদার এবং ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অন্তরা সেন ভোটগণনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
মনসুর আহমেদ মজুমদার জানান, হাইলাকান্দি কেন্দ্রে ইভিএম গণনার জন্য ১২টি টেবিল এবং পোস্টাল ও ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট গণনার জন্য ছয়টি টেবিল রাখা হয়েছে। এই কেন্দ্রে মোট ২৪ দফায় গণনা সম্পন্ন হবে।
অন্যদিকে, অন্তরা সেন জানান, আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রে মোট ৩৩৯টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে ২৫ দফায় ভোট গণনা হবে। ইভিএম গণনার জন্য ১৪টি টেবিল এবং পোস্টাল ও ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালটের জন্য পাঁচটি টেবিল নির্ধারণ করা হয়েছে।
উভয় রিটার্নিং অফিসার জানান, ভোটগণনাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে সোমবার সকাল ৮-টা থেকে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএম-এর ভোট গণনা শুরু হবে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল এই দুই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। হাইলাকান্দি কেন্দ্রে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৫।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস